আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬-এর উপদেষ্টা মণ্ডলীতে আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী

বোয়ালখালী প্রতিনিধি: আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬ কার্যক্রমের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ওমানপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী। তিনি আলহাজ বাদশা মিয়া-মরিয়ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি উৎসাহ প্রদান এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

“বাব-উল-এহসান—তাসাউফের আলোয় আত্মশুদ্ধি, খিদমতে মানবতার অভিযাত্রা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে পরিচালিত এ বৃত্তি কার্যক্রমে শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক চেতনা বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরী দীর্ঘদিন ধরে বোয়ালখালী উপজেলার অসহায় ও দরিদ্র পরিবার এবং বিভিন্ন শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করে আসছেন। ওমানে ব্যবসার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর পিতা আলহাজ বাদশা মিয়া-এর নামে প্রতিষ্ঠিত আলহাজ বাদশা মিয়া-মরিয়ম ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং দরিদ্র পরিবারের সন্তানদের সহযোগিতার ক্ষেত্রে ফাউন্ডেশনটির কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আলহাজ মোহাম্মদ মুছা চৌধুরীর মতো শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্বের সম্পৃক্ততা মেধা অন্বেষণ বৃত্তি কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর অভিজ্ঞতা, সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।