ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডারকে হেফাজতে নেওয়ার হয়েছে
- আপডেট সময় : ০১:৫৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডারকে হেফাজতে নেওয়ার হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি দাবি করেন, গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে তৎকালীন স্কোয়াড্রন লিডার (বর্তমান উইং কমান্ডার) মো. সাইফুর রহমানের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময় সাইফুর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। তাঁর দাবি অনুযায়ী, বিমান বাহিনী কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে যে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি বাংলাদেশের অন্যতম আলোচিত গুমের ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এদিকে, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতায় সিলেট অঞ্চলে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম সংগঠক ও সোচ্চার সমালোচক ছিলেন এম ইলিয়াস আলী। ২০০৯ সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে, যেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।










