বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না সিংহ ওই এলাকার উত্তম চৌধুরীর স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের দিকে রান্নাঘরের পাশের একটি কক্ষে বসে চা পান করছিলেন জ্যোৎস্না। এ সময় হঠাৎ তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান, তাকে একটি সাপ দংশন করেছে বলে ধারণা করা হচ্ছে।
স্বজনরা দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দেবর মানস কান্তি চৌধুরী জানান, জ্যোৎস্নার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষি নাগ বলেন, রাত পৌনে ৮টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। রোগী ও তার স্বজনরা নিশ্চিতভাবে বলতে পারেননি কীসে দংশন করেছে। প্রাথমিকভাবে সাপে কাটার সুস্পষ্ট লক্ষণও পাওয়া যায়নি। তাই ঘটনাটিকে ‘অজানা দংশন (Unknown Bite)’ হিসেবে বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রায় আধা ঘণ্টা পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে তার মৃত্যুর খবর পাওয়া যায়।










